|
প্রিন্টের সময়কালঃ ০২ এপ্রিল ২০২৬ ০৪:০৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ এপ্রিল ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

মাদারগঞ্জে কৃষকের জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ


মাদারগঞ্জে কৃষকের জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ


মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:

 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. আব্দুর রাজ্জাক (৫৫) তার আপন ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার নামা তারতাপাড়া গ্রামের মৃত জালাল আকন্দের ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে তার ভাই ও ভাতিজাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি অভিযুক্তরা রাজ্জাকের ফসলি জমির ভেতর দিয়ে জোরপূর্বক একটি ড্রেন নির্মাণের চেষ্টা করলে বিরোধ চরম আকার ধারণ করে।

ভুক্তভোগীর দাবি, গত ২৭ মার্চ বিকেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার বাড়িতে এসে হামলার চেষ্টা চালায়। এ সময় মো. উজ্জল মিয়া তাকে গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে তাৎক্ষণিক কোনো বড় ধরনের সহিংসতা ঘটেনি।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা নিয়মিত তাকে ভয়ভীতি দেখাচ্ছেন এবং হত্যার ষড়যন্ত্র করছেন। এমনকি তার গবাদিপশু চলাচলেও বাধা দেওয়া হচ্ছে, ফলে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয়দের ভাষ্য, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশি বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে বৈঠক ত্যাগ করেন। এলাকাবাসীর দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে মাদক সেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ থাকায় অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পান না।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. উজ্জল মিয়া বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বের একটি মামলার জের ধরে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬