|
প্রিন্টের সময়কালঃ ২৫ মে ২০২৬ ০২:১৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ মে ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ

স্বর্ণের দামে বড় ছাড়, আজ থেকেই নতুন মূল্য কার্যকর


স্বর্ণের দামে বড় ছাড়, আজ থেকেই নতুন মূল্য কার্যকর


দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার থেকে কমানো দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

 

শনিবার (২৩ মে) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়।

 

সর্বশেষ নির্ধারিত দামে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায়।

 

নতুন এই সমন্বয়ে প্রতি ভরিতে স্বর্ণের দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা।

 

এর আগে গত ২১ মে বাজুস স্বর্ণের দাম বাড়িয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

 

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ দফা দাম বেড়েছে এবং ৩২ দফা কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার। সে বছরে ৬৪ বার দাম বাড়ানো হলেও ২৯ বার কমানো হয়েছিল।

 

স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৪১ টাকায়।

 

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম পরিবর্তন করা হয়েছিল মোট ১৩ বার; এর মধ্যে ১০ বার দাম বৃদ্ধি এবং ৩ বার হ্রাস পেয়েছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬