|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৬ ০৪:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ এপ্রিল ২০২৬ ০১:২২ অপরাহ্ণ

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু


শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু


দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট নিরসনে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির অংশ নিয়েছেন।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানান, এই বৈঠকের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল। সরকারের নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কার্যকর ও কাঠামোগত আলোচনার পরিবেশ তৈরি করাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই নতুন পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি সদস্য হিসেবে থাকছেন বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল ও ভোগ্যপণ্য খাতের ৯ জন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা।

 

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি ব্যাংক ঋণের উচ্চ সুদহার, অর্থায়নের সংকট এবং পুঁজিবাজারের চলমান অস্থিরতা নিয়ে ব্যবসায়ীরা তাদের উদ্বেগ ও পরামর্শ তুলে ধরতে পারেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে, যা দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬