পি এইচ পি কুরআনের আলো ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন হাফেজ মুনতাহা বিজয়ীদের জন্য অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
দেশের জনপ্রিয় টেলিভিশনভিত্তিক ইসলামিক রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছেন নেত্রকোনার প্রতিযোগী হাফেজ আবদুল্লাহ সাইফ মুনতাহা।
কুরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার মূল স্পনসর ছিল পিএইচপি ফ্যামিলি এবং মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। মাহে রমজান উপলক্ষে আয়োজিত জনপ্রিয় এ অনুষ্ঠানটি এবার গৌরবময় ১৮ বছর পূর্ণ করেছে। প্রতি বছরের ধারাবাহিকতায় ২৭ রমজানে অনুষ্ঠিত হয় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার এই গ্র্যান্ড ফিনালে।
আয়োজকরা জানান, সারাদেশ থেকে প্রায় ২৫ হাজার প্রতিযোগী এবারের আসরে অংশগ্রহণ করেন। বিভিন্ন ধাপের বাছাই শেষে ৩৬ জন প্রতিযোগী নিয়ে পহেলা রমজান থেকে টেলিভিশন পর্ব শুরু হয়। ২৬টি পর্ব শেষে সেরা ছয় প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব।
বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হন হাফেজ আবদুল্লাহ সাইফ মুনতাহা। দ্বিতীয় স্থান অর্জন করেন নরসিংদীর হাফেজ মোহাম্মদুল্লাহ বিন শফিক এবং তৃতীয় হন কুমিল্লার হাফেজ জুনায়েদ খান।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ৪ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ২ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া চতুর্থ স্থান অধিকারী পান ১ লাখ টাকা এবং পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারীরা পান ৫০ হাজার টাকা করে। প্রথম তিনজন বিজয়ীকে উমরাহ পালনের সুযোগও প্রদান করা হয়।
কুরআনের আলো ফাউন্ডেশনের মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এছাড়াও উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহসিন, অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক, সেভয় আইসক্রিমের চেয়ারম্যান নিয়াজ আহমেদ, আল-আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন কুরআনের হাফেজদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বিজয়ীরা ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের জন্য সুনাম বয়ে আনবে। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী প্রতিযোগীদের কুরআনের আলোকে জীবন গড়ে তোলার আহ্বান জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬