চুয়েটে শাটডাউন অব্যাহত, উপাচার্য পুনর্বহালের দাবিতে গণস্বাক্ষর
চুয়েট সংবাদদাতা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ রেখে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও অব্যাহত রয়েছে।
বুধবার সকাল ১১টা ২০ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। এতে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে অংশ নেন। অংশগ্রহণকারীরা নিজেদের পরিচয়পত্রের নম্বর ও স্বাক্ষর দেন। সংগৃহীত স্বাক্ষর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহান হাসনাত আদিব বলেন, গত ২১ সেপ্টেম্বর কোনো নোটিশ ছাড়াই অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর প্রতিবাদে ওই রাতেই শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হচ্ছে।
তিনি বলেন, ‘গণস্বাক্ষর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।’
এদিকে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন। উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকেও গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে।
আন্দোলনকারীদের দাবি, অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল না করা পর্যন্ত কর্মসূচি চলবে। তাদের কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
এর আগে ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। একই সঙ্গে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগের সিদ্ধান্তের কথাও জানানো হয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন।
এর ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বুধবার দ্বিতীয় দিনেও মূল ফটক বন্ধ রেখে কর্মসূচি পালন করছেন তারা।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬