|
প্রিন্টের সময়কালঃ ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:২১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৩৪ অপরাহ্ণ

রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা


রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা


নিজস্ব প্রতিবেদক

 

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক দিনের রিমান্ড শেষে মাকছুদা ইসলামকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন।
 

আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হবে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন মাকছুদা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানান, মাকছুদার পক্ষে আদালতে কোনো জামিন আবেদন করা হয়নি।
 

মামলা সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই জিজ্ঞাসাবাদের জন্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
 

পরে মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন তাঁর বাবা এস এম মাসুম বিল্লাহ।
 

পরদিন আদালত গাজী নজরুল ইসলামের চার দিন এবং মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশ (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬