|
প্রিন্টের সময়কালঃ ১২ মে ২০২৬ ০৮:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ মে ২০২৬ ০৭:১৬ অপরাহ্ণ

চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক, মাদকসেবীকে কারাদণ্ড


চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক, মাদকসেবীকে কারাদণ্ড


রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযানে ২৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
 

সোমবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলা সদর এলাকায় উপজেলা প্রশাসন ও মুরাদনগর থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
 

গ্রেপ্তাররা হলেন— উপজেলা সদর এলাকার মৃত রঙ্গলাল চন্দ্র দাসের ছেলে স্বপন চন্দ্র দাস (৪৫) এবং রহিমপুর গ্রামের দুধ মিয়ার ছেলে আরিফ (২৯)। এর মধ্যে মাদক সেবনের দায়ে আরিফকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বি।
 

পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বি ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে স্বপন চন্দ্র দাসের বাড়ি থেকে ড্রামে সংরক্ষিত ২৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
 

এ সময় মাদকসেবী আরিফকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
 

অভিযানে আরও উপস্থিত ছিলেন মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মাসুদ, এসআই রুহুল আমিল, এসআই আব্বাস কবির চৌধূরী, এএসআই কুসুম বড়ুয়াসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ও সাজাপ্রাপ্ত দুজনকে মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হবে।”
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বি বলেন, “মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬