চারঘাটে ডাকরা ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর চারঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ডাকরা ডিগ্রি কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইন্দাদুল হক, ডাকরা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা সোহানুর রহমান আন্দোলন এবং ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় সুধীজন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ হতে হবে।”
তিনি শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষার প্রসার এবং একটি শিক্ষিত ও আদর্শ জাতি গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে কলেজের উত্তরোত্তর সাফল্য ও পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬