|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০২:৫১ অপরাহ্ণ

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্স টেস্ট সম্পন্ন, উৎপাদন শুরুর প্রস্তুতি


রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্স টেস্ট সম্পন্ন, উৎপাদন শুরুর প্রস্তুতি


নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রেস

 

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় সব পরীক্ষা ও কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে জমা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ সংস্থার চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক ধাপ ‘সি স্টেজ’ বা পাওয়ার স্টার্টআপে প্রবেশ করবে ইউনিটটি।
 

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২৫ অক্টোবর থেকে পাওয়ার স্টার্টআপ কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনের ওপরই এ কার্যক্রম শুরুর বিষয়টি নির্ভর করছে।
 

শনিবার সকালে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
 

তিনি জানান, প্রথম ইউনিটের বি-২ ধাপের সব পরীক্ষা ও প্রয়োজনীয় কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। এ পর্যায়ের ফিজিক্স টেস্টও সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রতিবেদন ইতোমধ্যে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া গেলে ইউনিটটি সি স্টেজে প্রবেশ করবে। এরপর শুরু হবে পাওয়ার স্টার্টআপ কার্যক্রম।
 

ড. মো. জাহেদুল হাসান আরও জানান, প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। পরবর্তী পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে।
 

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ৩০ থেকে ৩৫ শতাংশে পৌঁছালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। সেই লক্ষ্য সামনে রেখে চলতি বছরের শেষ দিকে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরুর আশা করা হচ্ছে।
 

তবে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু করা নির্ভর করবে পরীক্ষার প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার ওপর।
 

এদিকে রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় বাংলাদেশ সফররত রুশ প্রতিনিধিদল বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনামের সঙ্গে সাক্ষাৎ করেছে। এ সময় প্রতিনিধিদল মন্ত্রীকে প্রকল্পের প্রথম ইউনিটের গুরুত্বপূর্ণ পর্যায়সহ সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করে।
 

শুক্রবার রাশিয়ার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোসাটমের প্রথম উপমহাপরিচালক ও অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশ সফর করে। সফরকালে প্রতিনিধিদল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করে এবং প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয়।
 

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ধাপগুলো সম্পন্ন হওয়া বিদ্যুৎ উৎপাদনের পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। প্রয়োজনীয় অনুমোদন ও পরবর্তী ধাপগুলো সফলভাবে শেষ হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬