|
প্রিন্টের সময়কালঃ ২৫ আগu ২০২৬ ০২:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ আগu ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ

সৌদিতে চাকরির প্রলোভনে প্রতারণা, ৫১ পাসপোর্টসহ গ্রেপ্তার ৫


সৌদিতে চাকরির প্রলোভনে প্রতারণা, ৫১ পাসপোর্টসহ গ্রেপ্তার ৫


নিজস্ব প্রতিবেদক

 

সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মানবপাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তাদের কাছ থেকে ৫১টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি স্মার্টফোন ও কয়েকটি রেজিস্টার উদ্ধার করা হয়।
 

গত রোববার বিকেলে রাজধানীর বনানীর সৈনিক ক্লাব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শামীম (৪০), মো. রুহুল আমিন (২৪), মো. হৃদয় হাসান (২৬), আবু রায়হান (২৯) ও মো. সানি মিয়া (২৫)।
 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, অনলাইনে সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার বিজ্ঞাপন প্রচার করত চক্রটি। বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগের পর এক ভুক্তভোগীকে বনানীর সৈনিক ক্লাব এলাকার একটি অফিসে যেতে বলা হয়। সেখানে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তার সঙ্গে ৩ লাখ ৭০ হাজার টাকায় চুক্তি করা হয়। পরে ব্যাংক ও নগদে তার কাছ থেকে ২ লাখ ৬৬ হাজার টাকা নেওয়া হয়।
 

তবে প্রতিশ্রুত ড্রাইভিং ভিসার পরিবর্তে ওই ব্যক্তিকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়। এ ঘটনায় তিনি বনানী থানায় মামলা করেন।
 

মামলাটির তদন্তভার পাওয়ার পর প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পারে, একই কৌশলে বিদেশে পাঠানোর কথা বলে আরও কয়েকজনের কাছ থেকে প্রায় ১৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। আকর্ষণীয় বেতনের চাকরির বিজ্ঞাপন দিয়ে অর্থ নেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখত তারা।
 

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে জড়িত অন্য সদস্য, পলাতক আসামি এবং দেশি-বিদেশি সহযোগীদের শনাক্ত করতে তদন্ত চলছে।
 

বিদেশে যাওয়ার ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা ও পাসপোর্ট না দেওয়ার জন্য নাগরিকদের সতর্ক করেছে সিআইডি।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬