|
প্রিন্টের সময়কালঃ ০৪ অক্টোবর ২০২৬ ০৩:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ অক্টোবর ২০২৬ ০১:৫০ অপরাহ্ণ

পটিয়ায় গাজী কে.ডি ফাউন্ডেশনের উদ্যোগে ১২০০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত


পটিয়ায় গাজী কে.ডি ফাউন্ডেশনের উদ্যোগে ১২০০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম:



চট্টগ্রামের পটিয়ায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ দক্ষিণ চট্টগ্রামের ১ হাজার ২০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে গাজী কে.ডি ফাউন্ডেশন। ‘এসএসসি রিসেপশন অ্যাচিভার্স ২০২৬’ শীর্ষক এ আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

 

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পটিয়ার মিনা কনভেনশন হলে ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গাজী কে.ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া।
 

প্রধান অতিথির বক্তব্যে ইদ্রিস মিয়া বলেন, অসহায় ও পিছিয়ে পড়া পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে গাজী কে.ডি ফাউন্ডেশন প্রশংসনীয় ভূমিকা পালন করছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতেও সহায়ক হবে।
 

তিনি বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে ত্যাগী ও তরুণ নেতৃত্বকে মূল্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। চট্টগ্রামের ত্যাগী নেতাদেরও যথাযথ মূল্যায়ন প্রয়োজন। এ সময় তিনি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহকে যথাযথ মূল্যায়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান।
 

সভাপতির বক্তব্যে গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
 

তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ গড়তে শিক্ষিত জাতির বিকল্প নেই। শিক্ষিত জাতি গড়ে তোলার পরিবেশ তৈরি করা আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই গাজী কে.ডি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।”
 

সেশন স্পিকার রেনকন এফসি প্রপার্টিজ লিমিটেডের সিইও তানভীর শাহরিয়ার রিমন বলেন, নেতৃত্ব শুধু নির্দেশ দেওয়ার বিষয় নয়; নেতৃত্ব মানে দায়িত্ব নেওয়া এবং অন্যদের জন্য পথ দেখানো। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মানসিকতা গড়ে তুলতে হবে।
 

অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান, পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপন কান্তি দে, এসিআই প্রোপার্টিজের ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন, দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ শহিদুল্লাহ শাহরিয়ার, ইন্টারন্যাশনাল বিজনেস কনসালট্যান্ট আলী নেওয়াজ চৌধুরী, ডা. সুমন পালিত, জাহাঙ্গীর কবির, জিল্লুর রহমানসহ সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬