ড. ইউনুসের পৈতৃক বাড়িতে আগুন
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার বাড়িটির নিচতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন বড় আকার ধারণ করার আগেই নিয়ন্ত্রণে আনা হয়।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের সূত্রপাতের পর তা ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা। তাই বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্থানীয়রা বলছে, বাড়িটিতে গত দুই বছর ধরে কেউ বসবাস করেন না। গাড়ি রাখার গ্যারেজটিও দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। সেখানে কোনো গাড়ি রাখা হয় না।
এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে বাড়িটির নিচতলার গ্যারেজের সামনে আগুন জ্বলতে দেখা যায়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬