শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, আড়াই ঘণ্টা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
বরিশাল ব্যুরো
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে তারা প্রায় আড়াই ঘণ্টা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টার দিকে কয়েকশ শিক্ষার্থী কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন বরিশাল শিক্ষা বোর্ডের সামনে জড়ো হন। পরে তারা ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বেলা আড়াইটার দিকে অবরোধ তুলে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। পাশাপাশি কঠিন বিষয়গুলোর পরীক্ষার আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় দেওয়া হয়নি, যা পরীক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।
শিক্ষার্থীরা আরও দাবি করেন, চলতি বছরের প্রশ্নপত্র আগের বছরের তুলনায় বেশি কঠিন হয়েছে এবং কিছু প্রশ্ন সিলেবাসের বাইরের ছিল। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকলেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এক শিক্ষা বোর্ডে পরীক্ষা স্থগিত হলেও অন্য বোর্ডগুলোতে পরীক্ষা চালিয়ে যাওয়ায় বৈষম্যের সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
হাতেম আলী কলেজের শিক্ষার্থী আলিফ বলেন, “আমাদের সমস্যাগুলোর সমাধান না করে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি করেছেন। তাই আমরা তাঁর পদত্যাগ দাবি করছি। একই সঙ্গে বর্তমান পরীক্ষা ব্যবস্থারও পরিবর্তন চাই।”
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬