ফেসবুক ও মাইকে ডাকাতির গুজব ছড়ানোর অভিযোগে বাঙ্গরায় যুবক গ্রেপ্তার
তাফসির আহাম্মদ, কুমিল্লা প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মাইকে ডাকাতির গুজব ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকা থেকে ইমরান খান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত দুই দিন আগে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান খান মুরাদনগর উপজেলার বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের দিঘীরপাড় পশ্চিমপাড়া খাঁ বাড়ির বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল ওয়াদুদ খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইমরান খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া এবং মাইকে প্রচারের মাধ্যমে ডাকাতি সংক্রান্ত গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল আলম বলেন, ফেসবুক ও মাইকের মাধ্যমে ডাকাতি সংক্রান্ত গুজব ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে ইমরান খান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা আইনত অপরাধ। তাই যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচার কিংবা মাইকে ঘোষণা দিয়ে আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬