|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৬ ০৯:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৬ ০৬:০৫ অপরাহ্ণ

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে কৃষক খুন, আ. লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ


মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে কৃষক খুন, আ. লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ


💫 ঝোপে লুকিয়ে অতর্কিত হামলা, কুপিয়ে হত্যা!


💫 নির্বাচন ও সেচস্কিম বিরোধে দীর্ঘদিনের দ্বন্দ্ব!


💫 আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান, মামলা প্রক্রিয়াধীন।

 

 

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

 

কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলায় মাওলা সরকার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মাওলা সরকার ওই গ্রামের মৃত হাশেম সরকারের ছেলে।

 

স্থানীয় সূত্র ও স্বজনদের অভিযোগ, নির্বাচন ও সেচস্কিম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর আগেও একাধিকবার হামলার ঘটনা ঘটেছে এবং সংশ্লিষ্ট কয়েকটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

 

নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম সরকার জানান, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা ৮-১০ জনের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে মাওলা সরকারের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে।

 

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় মাওলা সরকারকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত; হামলাকারীরা সুযোগ বুঝে পেছন থেকে আক্রমণ চালায়।

 

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্বাচন ও স্থানীয় বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬