|
প্রিন্টের সময়কালঃ ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:২১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪০ অপরাহ্ণ

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি শিক্ষার্থীদের


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি শিক্ষার্থীদের


কুমিল্লা প্রতিনিধি:



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ৬০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মৌন মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক মিনিট নীরবতা পালন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষার্থীরা মৌন মিছিল করেন।
 

কর্মসূচিতে শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার ঘটনায় চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—৬০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, কুমিল্লার পুলিশ সুপার ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহেলার দায়ে প্রত্যাহার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তায় তাৎক্ষণিক সাড়া দেওয়ার জন্য একটি বিশেষ ইউনিট গঠনের দাবিও জানান তারা।
 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ড. নাহিদা বেগম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। এর জেরে তাঁর ছেলে অপ্রতিমকে হত্যা করা হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানান তারা।
 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক নাঈম ভূঁইয়া বলেন, অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ব্যক্তিরা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এসব কিশোর গ্যাংকে পৃষ্ঠপোষকতা করছে কি না, তা খুঁজে বের করতে হবে।
 

বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহা খানম বলেন, এত দিন বিভিন্নভাবে প্রতিবাদ ও বিক্ষোভ করা হয়েছে। মঙ্গলবারের কর্মসূচি মূলত শোক ও প্রতিবাদের মৌন ভাষা হিসেবে পালন করা হয়েছে। চার দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তিনি।
 

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, অপ্রতিম হত্যায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কোটবাড়ি ও লালমাই পাহাড়ি এলাকায় অপরাধ দমনে নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি।
 

ছাত্রদলের সদস্যসচিব মোহাম্মদ আবুল বাশার বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের প্রকৃত কারণ পরিষ্কার হওয়া প্রয়োজন। শুধু একটি আইফোনের জন্য তাকে হত্যা করা হয়েছে—পুলিশের এমন ব্যাখ্যা তারা মেনে নিতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।
 

এর আগে সোমবার একই দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষক-শিক্ষার্থীরা। তার আগের দিন চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
 

ঘটনার বিবরণ: গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হন ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরদিন শনিবার দুপুরে লালমাই পাহাড়ের পাশে সানন্দা গ্রামের একটি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
 

এ ঘটনায় পুলিশ সরাসরি জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫), মো. কামরুল হাসান (১৬) এবং জড়িত সন্দেহে মো. সিয়ামকে (১৯) গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, সিয়াম ছাড়া অপর তিনজন কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬