|
প্রিন্টের সময়কালঃ ১৪ জুলাই ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জুলাই ২০২৬ ০৪:৫৬ অপরাহ্ণ

পদার্থবিজ্ঞানের ভুল ২ প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী


পদার্থবিজ্ঞানের ভুল ২ প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক, ঢাকা


 

এইচএসসি ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল থাকা ৬ ও ৭ নম্বর প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
 

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
 

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব গ্রহণ করেছে। অথচ এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের কাজ প্রায় দুই বছর আগে থেকেই শুরু হয়। ফলে পদার্থবিজ্ঞানের ওই প্রশ্নপত্র আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটরদের মাধ্যমে প্রস্তুত করা হয়েছিল।
 

তিনি বলেন, প্রশ্নে ভুল শনাক্ত হওয়ার পরই সরকার সিদ্ধান্ত নিয়েছে পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ নম্বর প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।
 

পরীক্ষা আয়োজন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, সারাদেশে প্রায় দুই হাজার ৭০০টি কেন্দ্রে ৬৪ জেলায় একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে বন্যা পরিস্থিতির কারণে পর্যায়ক্রমে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং পরে পুরো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
 

তিনি বলেন, পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। এ সময় ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি), আট বিভাগের বিভাগীয় কমিশনার, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আবহাওয়া অধিদফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়। আবহাওয়া অধিদফতর থেকে বৃষ্টির সম্ভাবনা না থাকার তথ্য পাওয়ার পর বিকেল ৫টা পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
 

শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষার দিন সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের মাঠ পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। এরপরই মেয়র, জেলা প্রশাসক, পুলিশ ও ফায়ার সার্ভিসকে কেন্দ্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। পরে পরীক্ষার্থীদের নৌকায় করে কলেজের পাঁচতলা ভবনে নিয়ে পরীক্ষা নেওয়া হয়।
 

তিনি বলেন, সরকার পরীক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি অনুধাবন করেছে। তবে কুমিল্লা সরকারি মহিলা কলেজ ছাড়া দেশের অন্য কোথাও পরীক্ষা গ্রহণে দুর্যোগজনিত কোনো সমস্যা হয়নি বলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও ইউএনওরা জানিয়েছেন।
 

শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যমান পরীক্ষা ব্যবস্থায় স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক, ইউএনও, পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো কেন্দ্রে পরীক্ষা নেওয়া সম্ভব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন। প্রয়োজন হলে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্তও তারা নিতে পারেন। সরকার পুরো সময় পরিস্থিতির ওপর নজর রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬