পটিয়ার সন্তান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটের নতুন উপাচার্য
আবদুল হাকিম রানা, চট্টগ্রাম দক্ষিণ:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নতুন উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ২৭ জুলাই মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।
অধ্যাপক ড. সায়েম বর্তমানে চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চুয়েট শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক, একাডেমিক ও নীতিনির্ধারণী কমিটিতে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন প্রকৌশল সংগঠনের ফেলো ও সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন।
নতুন দায়িত্বে তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।
চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন গ্রামের সন্তান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম ১৯৮০ সালের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম হাজী মুহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক উপ-কর কর্মকর্তা এবং মাতা হাজী চেমন আরা বেগম।
চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর ২০০৫ সালে একই বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। প্রায় ২২ বছরের শিক্ষকতা জীবনে দক্ষতা, গবেষণা ও প্রশাসনিক নেতৃত্বের মাধ্যমে তিনি শিক্ষার্থী ও সহকর্মীদের আস্থা অর্জন করেছেন।
গবেষণার ক্ষেত্রে অধ্যাপক ড. সায়েমের বিশেষ আগ্রহের বিষয়গুলোর মধ্যে রয়েছে স্টেম অ্যান্ড ইনোভেশন, পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি, ডি-কার্বনাইজেশন, গ্রিন হাইড্রোজেন উৎপাদন ও সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, এনার্জি কনভার্সন সিস্টেম, ওয়েস্ট-টু-এনার্জি, বায়োফুয়েল ও বায়োডিজেল এবং জলবায়ু পরিবর্তন। আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন স্বনামধন্য জার্নালে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে। তাঁর তত্ত্বাবধান ও সহযোগিতায় অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
উচ্চশিক্ষার জন্য তিনি জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি (সিকিউ) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি সম্পন্ন করার পর অস্ট্রেলিয়ার একটি খ্যাতনামা মাইনিং প্রতিষ্ঠানে মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজের সুযোগ পেলেও দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়নে অবদান রাখার লক্ষ্য নিয়ে দেশে ফিরে আসেন।
নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, বিদেশে থেকে ব্যক্তিগতভাবে অনেক কিছু অর্জন করা সম্ভব হলেও তিনি নিজের বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য কাজ করাকেই জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করেন। উপাচার্য হিসেবে চুয়েটকে শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক মানোন্নয়নের ক্ষেত্রে আরও এগিয়ে নিতে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬