কুড়িগ্রামের এক হাটে অতিরিক্ত খাজনা হাসিল, বহিষ্কৃত বিএনপি নেতা সেনাবাহিনী কর্তৃক আটক
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা সদরে পশুর হাটে নির্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগে ইজারাদারকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনীর একটি দল।
শনিবার (৩১ মে) সন্ধ্যায় ওই ইজারাদারকে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ইজারাদারের নাম ফরিদুল হক শাহীন শিকদার। তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। তবে তিনি নিয়মিত দলীয় কর্মসূচি পালন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবর্তিত সময়ে চলতি বছর উপজেলা সদরের ভূরুঙ্গামারী হাটের ইজারা নেন বিএনপি নেতা শাহীন শিকদার। হাটে গরুপ্রতি খাজনা ৫০০ টাকা এবং ছাগলপ্রতি ২৫০ টাকা নির্ধারিত থাকলেও হাট কর্তৃপক্ষ গরুপ্রতি ৬০০ টাকা এবং ছাগলপ্রতি ২৭৫ টাকা থেকে ৩০০ টাকা আদায় করছিল। অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়ে অভিযোগ পেয়ে শনিবার ওই হাটে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযোগের সত্যতা পেয়ে ইজারাদার বিএনপি নেতা শাহীন শিকদারকে আটক করে থানায় সোপর্দ করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল মাহমুদ বলেন, ‘আটক শাহীন শিকদার থানা পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন। উপজেলা প্রশাসনের প্রতিনিধি বাদী হয়ে এজাহার দেবেন।’
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬