জয়পুরহাটে বৈধ কাগজপত্র বিহীন যানবাহনে জ্বালানি তেল সরবরাহ না করার সিদ্ধান্ত
জেলায় আজ চালকের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন সনদ সহ বৈধ কাগজপত্র বিহীন সবধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে এ সভায় জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক আল আমিন চৌধুরী রানা ও সাধারণ সম্পাদক আবুল খায়ের মো. গোলাম মওলা, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, পেট্রোল পাম্প মালিক রাফি চৌধুরী, মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জ্বালানি তেল সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে জেলার সকল পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিগুলোকে বৈধ কাগজপত্রবিহীন যানবাহন এবং হেলমেট ব্যতীত মোটরসাইকেলে কোনো ধরনের জ্বালানি তেল সরবরাহ না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া খোলাবাজারে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে অভিযান এবং পাম্পে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কথা জানানো হয়। আগামীকাল সোমবার থেকে প্রতিটি পেট্রোল পাম্পে বড় ব্যানার টানিয়ে এসব নিয়ম জনসম্মুখে প্রকাশ করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬