|
প্রিন্টের সময়কালঃ ১১ আগu ২০২৬ ০৫:১৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ আগu ২০২৬ ০৩:০৫ অপরাহ্ণ

বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে আটক


বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে আটক


মেহেরপুর প্রতিনিধি:

 

মেহেরপুরের সদর উপজেলার ইছাখালী সীমান্তে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে আব্দুল মান্নান (৬০) সীমান্ত পিলার ১২৪/৩-এর কাছে নিজের জমিতে কৃষিকাজ করতে গেলে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহলদল তাকে ধরে নিয়ে যায়।
 

মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সীমান্ত এলাকায় যান। এ সময় তারা কৃষিকাজ করার সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন—শচীন দাস (৬৫) ও রতন বিশ্বাস (৩৫)। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।
 

এ বিষয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ঘটনাটি নিয়ে মঙ্গলবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে আব্দুল মান্নানকে বাংলাদেশে ফিরিয়ে আনা এবং আটক দুই ভারতীয় নাগরিককে ভারতে ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
 

সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজিবির এই কর্মকর্তা বলেন, তাদের কোনোভাবেই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করে নিজ নিজ এলাকায় সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬