|
প্রিন্টের সময়কালঃ ২৫ জুন ২০২৬ ০৮:২৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ জুন ২০২৬ ০৫:৫৬ অপরাহ্ণ

ঘুষে সবচেয়ে এগিয়ে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ


ঘুষে সবচেয়ে এগিয়ে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ


দেশের সেবা খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘুষ ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে পাসপোর্ট সেবায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর এক জরিপে দেখা গেছে, পাসপোর্ট সেবা নিতে গিয়ে জাতীয় পর্যায়ে ৭৬ দশমিক ৬ শতাংশ পরিবার ঘুষের শিকার হয়েছে, যা অন্যান্য সেবা খাতের তুলনায় সর্বোচ্চ।

 

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’-এর ফলাফল প্রকাশ করা হয়। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

 

জরিপ প্রতিবেদনে বলা হয়, পাসপোর্ট সেবায় ঘুষ দেওয়ার হার গ্রামাঞ্চলে ৭৯ দশমিক ১ শতাংশ এবং শহরাঞ্চলে ৭১ দশমিক ৮ শতাংশ।

 

পাসপোর্ট অফিসের পর ঘুষ গ্রহণের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিআরটিএ, যেখানে এ হার ৬৩ দশমিক ৫ শতাংশ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ৪৯ দশমিক ৩ শতাংশ, কৃষি খাতে ৪৯ দশমিক ৩ শতাংশ এবং ভূমি সেবায় ৪৭ দশমিক ৬ শতাংশ পরিবার ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছে।

 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দেশের মোট ৬৩ দশমিক ৬ শতাংশ পরিবার অন্তত একটি সরকারি সেবা খাতে ঘুষের শিকার হয়েছে। সেবা খাতগুলোর মধ্যে পাসপোর্ট সেবার পরিস্থিতিকে সবচেয়ে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে টিআইবি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬