|
প্রিন্টের সময়কালঃ ১৮ এপ্রিল ২০২৬ ০৪:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ এপ্রিল ২০২৬ ০১:০১ অপরাহ্ণ

এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে


এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে


ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপি’র সাবেক নেত্রী রুমিন ফারহানা জানিয়েছেন, তাঁর ন্যাশনাল সিটিজেন পার্টিতে (এনসিপি) যোগদানের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো ভিত্তি নেই। 

শুক্রবার জার্মানিভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের এক টকশোতে অংশ নিয়ে তিনি এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।

রুমিন ফারহানা বলেন, তাঁর অন্য কোনো দলে যোগদানের খবরটি সম্পূর্ণ গুজব এবং এর মধ্যে ন্যূনতম সত্যতা নেই। তিনি জানান, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে এবং সেই ধারাবাহিকতায় এনসিপির পক্ষ থেকেও তাঁকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

এনসিপির পক্ষ থেকে আসা প্রস্তাবের বিষয়ে রুমিন ফারহানা বলেন, দলটি আমাকে বারবার তাদের সঙ্গে কাজ করার আমন্ত্রণ জানিয়েছে। তারা আমার রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে তাদের প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার কথা বলেছে। তবে আমি তাঁদের এই প্রস্তাবকে গুরুত্ব দিইনি এবং এ নিয়ে কথা বাড়াইনি।

সংসদে কথা বলার সুযোগ পাওয়ার আশায় নতুন কোনো দলে যোগ দেবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে জানান, কেবল বক্তব্য দেওয়ার সুযোগের জন্য তিনি নিজের রাজনৈতিক আদর্শ বা পরিকল্পনা বিসর্জন দেবেন না। 

তিনি বলেন, কথা বলার জন্য বর্তমানে অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে। কিন্তু নিজের রাজনৈতিক বিশ্বাস ও চিন্তাধারার বাইরে গিয়ে শুধু সংসদে কয়েক মিনিট কথা বলার জন্য অন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।

রুমিন ফারহানার এই বক্তব্যের মাধ্যমে এনসিপিতে যোগদানের দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তিনি তাঁর নিজস্ব রাজনৈতিক পথে অটল থাকার ইঙ্গিত দিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬