|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৬ ০৩:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ এপ্রিল ২০২৬ ০৭:০০ অপরাহ্ণ

মুরাদনগরে নারী উদ্যোক্তার ওপর শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন


মুরাদনগরে নারী উদ্যোক্তার ওপর শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন


💫 গ্রেফতার ১, অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত।


রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার মুরাদনগরে এক নারী উদ্যোক্তার ওপর শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রিফাত (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত রিফাত মুরাদনগর সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকার মো. রফিকের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মসজিদের সামনে এক নারী উদ্যোক্তা ও তার সঙ্গে থাকা এক ডেলিভারি কর্মীর সঙ্গে কয়েকজন কিশোরের বাকবিতণ্ডা হয়। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া ওই বিরোধ দ্রুত উত্তপ্ত হয়ে হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ওই নারী উদ্যোক্তার ওপর শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন চালায় এবং তার সহকর্মীকে মারধর করে। 


ঘটনার সময় তারা মোবাইলে ভিডিও ধারণ করে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ঘটনার পর ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রিফাতকে আটক করে।


মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।


স্থানীয় সচেতন মহল এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬