শেখ হাসিনাকে নিয়ে ভারত নাটক করছে: আখতার হোসেন
খুলনা ব্যুরো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারত এক ধরনের নাটক করছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করতে হবে। পরিস্থিতি যা-ই হোক, বাংলাদেশের মাটিতে তাঁর বিচারের মুখোমুখি হওয়া নিশ্চিত করতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর, আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে খুলনা মহানগর ও জেলা এনসিপি এবং দলটির অঙ্গসংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে।
আখতার হোসেন বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে ভারত এক ধরনের নাটক করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর নাটক না করে আশ্রয়দাতা ভারত তাকে বের করে দিক। প্রয়োজনে আমরা গিয়ে ভারত থেকে শেখ হাসিনাকে ধরে নিয়ে আসব। পরিস্থিতি যা-ই হোক না কেন, এই বাংলাদেশে শেখ হাসিনার ভবিষ্যৎ একটাই—ফাঁসির দড়িতে ঝুলে নরকে যাওয়া।’
তিনি আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনার আর কোনো ভবিষ্যৎ নেই। যাঁদের হত্যা করা হয়েছে এবং যাঁদের পঙ্গু করা হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত মানুষ ও তাঁদের স্বজনেরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের অপেক্ষায় রয়েছেন।
আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড তুলে ধরতে গণশুনানির পরিধি বাড়ানোর আহ্বান জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেলা পর্যায়ে গণশুনানির আয়োজন করেছে। তবে আওয়ামী লীগের অপরাধগুলো জনসমক্ষে তুলে ধরতে শুধু জেলা পর্যায়ে নয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও গণশুনানির আয়োজন করতে হবে। এসব শুনানিতে দলটির গুম, খুন ও দখলদারির ঘটনাগুলো তুলে ধরতে হবে।
সীমান্ত পরিস্থিতি নিয়েও হুঁশিয়ারি উচ্চারণ করেন আখতার হোসেন। তিনি বলেন, সীমান্তের ওপার থেকে বিভিন্ন সময় উসকানি দেওয়া হচ্ছে এবং বাংলাদেশকে দখলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তবে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় বাংলাদেশের মানুষ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
তিনি বলেন, ‘এই বাংলাদেশের জনগণ, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মানুষ, কাস্তে হাতে নিয়ে কামান ও গুলির বিপরীতে দাঁড়াতে রাজি। কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি জমিও অন্য কেউ দখল করবে, তা জান থাকতে এ দেশের কোনো মানুষ মেনে নেবে না।’
দেশে চলমান নাশকতা ও সহিংসতার সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগ একসময় বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। বর্তমানে যারা নাশকতা, সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তারা এসব কর্মকাণ্ডের ভিডিও ধারণ করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর মতো হামলার পর উল্লাস প্রকাশ করছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর এনসিপির আহ্বায়ক আহম্মদ হামীম রাহাত। নগর সদস্যসচিব ডা. আব্দুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরীন ইরা।
সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীরা খুলনা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬