|
প্রিন্টের সময়কালঃ ২০ নভেম্বর ২০২৬ ০১:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ নভেম্বর ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ

কলাবাগানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫


কলাবাগানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫


রাজধানীর কলাবাগানের কাঠালবাগানে একটি আবাসিক ভবনের বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দেড় বছর বয়সী শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

কাঠালবাগানের ৮৮ নম্বর কাঞ্চন টাওয়ারের ১০ তলা ভবনের চতুর্থ তলায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন আব্দুর রহমান (২৯), তার দেড় বছর বয়সী সন্তান আর এস রহমান, সানজিদা আক্তার (২০), সাবা (৩০) ও শামসুন্নাহার (৫০)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধ আব্দুর রহমানের ভাই ইমরান ও প্রতিবেশী সুমন জানান, সকালে চতুর্থ তলার ওই বাসায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাসায় থাকা শিশুসহ পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে সকাল পৌনে ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ পাঁচজনের মধ্যে আর এস রহমানের শরীরের ৫৭ শতাংশ, সাবার ১০০ শতাংশ, আব্দুর রহমানের ৬ শতাংশ, সানজিদা আক্তারের ৩৭ শতাংশ এবং শামসুন্নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে।

তিনি আরও জানান, দগ্ধ সবারই ফ্লেম বার্ন হয়েছে। আব্দুর রহমান, সানজিদা আক্তার ও শামসুন্নাহারের ইনহেলেশন ইনজুরিও রয়েছে। দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬