|
প্রিন্টের সময়কালঃ ১২ অক্টোবর ২০২৬ ০৩:১৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ মে ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ণ

চার দিনের সফরে চীন পৌঁছালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী


চার দিনের সফরে চীন পৌঁছালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী


দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে চার দিনের এক রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

 

শনিবার তাকে বহনকারী বিমানটি চীনের হাংঝৌ জিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ঝেইজিয়াং প্রদেশের ভাইস গভর্নর জু ওয়েংগুং।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, শাহবাজ শরিফের আগমনী অনুষ্ঠানে কূটনৈতিক ব্যক্তিবর্গের বিশেষ উপস্থিতি ছিল। সেখানে উপস্থিত ছিলেন ইসলামাবাদে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং যাইদং এবং বেইজিংয়ে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমি।

 

সফরের শুরুতেই হাংঝৌতে চীনের কমিউনিস্ট পার্টির ঝেইঝিয়াং প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং হাওয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন শাহবাজ শরিফ। এই বৈঠকের পরপরই দুই দেশের মধ্যে দুটি দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে অন্যতম হলো- চীনের ঝেইঝিয়াং এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে ‘সিস্টার প্রভিন্স’ বা ভ্রাতৃপ্রতিম রাজ্য সম্পর্ক স্থাপনের একটি সমঝোতা স্মারক (MoU)।

 

এই চুক্তির মূল লক্ষ্য হলো- দুই অঞ্চলের মধ্যে ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ, কৃষি খাতের উন্নয়ন, শিক্ষা, সাংস্কৃতিক আদান-প্রদান, পর্যটন এবং সাধারণ জনগণের মধ্যকার পারস্পরিক সংযোগকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।

 

চলতি বছর পাকিস্তান ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তটি স্মরণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, শাহবাজ শরিফের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মাঝে উন্নয়নমুখী, বাস্তবসম্মত এবং জনকল্যাণমূলক সহযোগিতার একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।

 

সফরের পরবর্তী অংশ হিসেবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক খাতকে আরও গতিশীল করতে চীনের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের (CEO) সঙ্গে বৈঠক করবেন শাহবাজ শরিফ। একই সাথে চীনের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শনেরও সূচি রয়েছে তার।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬