সংসদ সদস্য পদ ছাড়লেন অভিনেত্রী কোয়েল মল্লিক, বিজেপিতে যোগদানের জল্পনা
অনলাইন ডেস্ক
ভারতের রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী কোয়েল মল্লিক। উচ্চকক্ষের সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রথমে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠালেও রাজ্যসভার বিধি অনুযায়ী ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। সেই নিয়ম অনুসরণ করে বৃহস্পতিবার রাজ্যসভায় গিয়ে চেয়ারম্যান তথা ভারতের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন কোয়েল মল্লিক।
পদত্যাগের পরপরই তাকে ভারতের কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে যেতে দেখা যায়। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে যে, তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও এ বিষয়ে কোয়েল মল্লিক বা সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর জুন মাস থেকে এ পর্যন্ত দলটির চারজন রাজ্যসভার সদস্য পদত্যাগ করেছেন। এর আগে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক সাংসদ পদ ছেড়ে পরে বিজেপিতে যোগ দেন। চলতি মাসের শেষদিকে অনুষ্ঠিতব্য উপনির্বাচনেও তারা বিজেপির প্রার্থী হয়েছেন।
এ অবস্থায় কোয়েল মল্লিকের পদত্যাগও পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, কোয়েল মল্লিক বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা এবং টালিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬