|
প্রিন্টের সময়কালঃ ১২ অক্টোবর ২০২৬ ০৩:১৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ মে ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ

চামড়া শিল্পের উন্নয়নে মালিকদের সহায়তা দেয়া হবে


চামড়া শিল্পের উন্নয়নে মালিকদের সহায়তা দেয়া হবে


চামড়া সংরক্ষণ ও শিল্প খাতের উন্নয়নে মালিকদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

রোববার রাজধানীর মতিঝিল এলাকায় চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রণয়ন ও কর্মপরিকল্পনা নির্ধারণে শিল্প মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্সের নবম সভায় তিনি এ কথা বলেন।

 

শিল্পমন্ত্রী জানান, চামড়া শিল্পকে লাভজনক খাতে পরিণত করতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, চামড়া শিল্পে বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে। সরকার এ খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে কাজ করছে। পরিবেশ রক্ষায় স্থাপিত বর্জ্য পরিশোধনাগার যেন বন্ধ না হয় বা অপব্যবহারের শিকার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে বলেও জানান তিনি।

 

মন্ত্রী আরও বলেন, চামড়া শিল্পের কঠিন ও তরল বর্জ্য অত্যন্ত ক্ষতিকর। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি পশু জবাই থেকে শুরু করে চামড়া বাজারজাতকরণ পর্যন্ত পুরো ব্যবস্থাকে সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

তিনি আশা প্রকাশ করেন, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে চামড়া খাতকে দেশের অন্যতম বড় আয়ের উৎসে রূপান্তর করা সম্ভব হবে।

 

এ সময় চামড়া শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য দ্রুত আর্থিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানান শিল্পমন্ত্রী। এছাড়া সাভার ট্যানারি শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬