নিজ কক্ষে মা-মেয়ের লাশ উদ্ধার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা থেকে নিজ কক্ষে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ফটিকছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামাল ভবন থেকে এ ঘটনাটি ঘটে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মা আফরোজা আফরিন (২৬) আত্মহত্যার আগে তার ১৮ মাস বয়সী মেয়ে আতকিয়া আয়েশাকে শ্বাসরোধে হত্যা করেছেন। আফরোজা আফরিন ছিলেন এনজিওকর্মী মো. আনোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আফরোজা আফরিন মেয়েকে গোসল করানোর কথা বলে নিজ কক্ষে নিয়ে যান এবং কক্ষের দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না পাওয়ায় পরিবারের সদস্যরা দরজা খোলার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে বিষয়টি ফটিকছড়ি থানায় জানালে পুলিশ এসে দরজা ভেঙে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।
নিহত আফরোজা আফরিনের শ্বশুর কামাল উদ্দিন বলেন, তার পুত্রবধূ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। হয়তো মানসিক ভারসাম্যহীনতার কারণে এই দুঃখজনক ঘটনা ঘটেছে।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আফরোজা আফরিন আত্মহত্যার আগে তার মেয়েকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬