|
প্রিন্টের সময়কালঃ ১৭ জুন ২০২৬ ০২:১৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুন ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ

ইউক্রেনের সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত


ইউক্রেনের সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত


ইউক্রেনে সোভিয়েত যুগের তৈরি একটি সামরিক বোমারু বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় খমেলনিতস্কি অঞ্চলে সুখোই এসইউ-২৪এম মডেলের এই ফ্রন্টলাইন বোমারু বিমানটি অভিযান পরিচালনার সময় দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।

 

বিমান বাহিনীর টেলিগ্রাম বার্তায় জানানো হয়, দুর্ঘটনায় নিহত দুই সদস্য হলেন মেজর বোহদান হ্রিহোরোভিচ জাহারুলকো এবং সিনিয়র লেফটেন্যান্ট বোহদান ওলেক্সান্দ্রোভিচ বাবেনকো। তারা শেষ মুহূর্ত পর্যন্ত দেশের প্রতিরক্ষায় দায়িত্ব পালন করেছেন বলে শ্রদ্ধা জানানো হয়।

 

কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। প্রাথমিকভাবে কোনো বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি।

 

স্থানীয়ভাবে জানা গেছে, খমেলনিতস্কি অঞ্চলের স্টারোকোস্তিয়ানতিনিভ বিমানঘাঁটিতে ৭ম ট্যাকটিক্যাল এভিয়েশন ব্রিগেড মোতায়েন রয়েছে, যারা এসইউ-২৪ ধরনের বিমান পরিচালনা করে। স্থানীয় সময় সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মিশনের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

 

উল্লেখ্য, সুখোই এসইউ-২৪ সোভিয়েত যুগে নির্মিত একটি দ্বৈত ইঞ্জিনবিশিষ্ট কৌশলগত বোমারু বিমান, যা বর্তমানে ইউক্রেন ও রাশিয়া উভয় দেশই ব্যবহার করে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন তাদের সামরিক ক্ষয়ক্ষতির তথ্য সীমিতভাবে প্রকাশ করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬