|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৬ ০৬:৩৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৬ ০১:২৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে ১০ হাজার লিটার জ্বালানি জব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে ১০ হাজার লিটার জ্বালানি জব্দ


জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত রাখা প্রায় ১০ হাজার ১শ’ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে| একই সঙ্গে অবৈধ মজুত ও উচ্চমূল্যে বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে| 

গতকাল মঙ্গলবার বিকালে জেলা শহরের গোকর্ণ ঘাট এলাকায় সদর উপজেলা প্রশাসন ও র‌্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়|

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোকর্ণ এলাকার কয়েকটি দোকানে অনুমোদন ছাড়াই জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে| এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়| সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়|
অভিযানে খোলা অবস্থায় জ্বালানি তেল বিক্রির তিনটি দোকান থেকে আনুমানিক ১০ হাজার লিটার ডিজেল ও ১শ’ লিটার অকটেন জব্দ করা হয়| এই সময় অবৈধ মজুত এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে তিন দোকান মালিককে যথাক্রমে ২০ হাজার, ২০ হাজার ও ১০ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়| 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বাসস’কে জানান, র‌্যাবের মাধ্যমে অবৈধ মজুতের তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়| অভিযানে মজুতের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে এবং সংশ্লিষ্টদের জ্বালানি তেল বিক্রির কোনো বৈধ অনুমোদন ছিল না| 

র‌্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী বাসস’কে বলেন, মুদি দোকান, গ্যারেজ ও শ্রমিকদের আবাসস্থলে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে| জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুত রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে|


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬