|
প্রিন্টের সময়কালঃ ০৮ জুন ২০২৬ ০১:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জুন ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ

ইরানের পর এবার আরও এক দেশ থেকে ইসরায়েলে হামলা


ইরানের পর এবার আরও এক দেশ থেকে ইসরায়েলে হামলা


গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় ইসরায়েলি ভূখণ্ডে কোনো হামলা চালায়নি ইরান। তবে লেবাননে ইসরায়েলের লাগাতার সামরিক আগ্রাসনে শেষ পর্যন্ত ধৈর্যচ্যুতি ঘটেছে তেহরানের। স্থানীয় সময় রবিবার দিবাগত রাতে ইসরায়েলের একটি সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে একাধিক শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা।

 

এর জবাবে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহান শহরে ‘আকাশ থেকে নিক্ষেপযোগ্য’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এই দুই দেশের রক্তক্ষয়ী সংঘাতের পরপরই এবার ইয়েমেনের দিক থেকেও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

 

ইয়েমেন থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই সেন্ট্রাল ইসরায়েলজুড়ে একযোগে যুদ্ধের সাইরেন বেজে ওঠে। এমন আকস্মিক ও বড় ধরনের হামলার পর সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে দেশটির পুরো আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে তেল আবিব প্রশাসন।

 

এদিকে ইরানি হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছিলেন। তেহরানের সাথে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে তাঁর দেশ অনেকটা এগিয়ে গেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, আশা করি ইসরায়েল আর পাল্টা জবাব দেবে না। যদি বেনিয়ামিন নেতানিয়াহু আবারও পাল্টা আঘাত হানেন, তাহলে গত ৪৭ বছর কিংবা গত ৩ হাজার বছরের চেনা সংঘাতের বৃত্তে আটকা পড়বে মধ্যপ্রাচ্য, যা চলতেই থাকবে। তবে ওয়াশিংটনের সেই অনুরোধে বিন্দুমাত্র কর্ণপাত করেননি নেতানিয়াহু।

 

ইরানের ওপর ইসরায়েলের এই পাল্টা হামলার পক্ষে কড়া যুক্তি তুলে ধরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইতার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ইরান আজ ইসরায়েলের দিকে ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র শত শত সাধারণ মানুষের জীবন কেড়ে নিতে পারত। আত্মসম্মানবোধ আছে এমন কোনো স্বাধীন দেশ এই ধরনের বর্বরোচিত আক্রমণ মুখ বুজে মেনে নেবে না, ইসরায়েলও নেয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬