|
প্রিন্টের সময়কালঃ ২১ জুন ২০২৬ ০৪:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ জুন ২০২৬ ০১:৪৮ অপরাহ্ণ

মাধবপুরে মাদক প্রতিরোধ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় নব দিগন্ত ক্লাবের উদ্যোগ


মাধবপুরে মাদক প্রতিরোধ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় নব দিগন্ত ক্লাবের উদ্যোগ


মাধবপুর প্রতিনিধি:


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সামাজিক সংগঠন ‘নব দিগন্ত ক্লাব’ (রেজি. নং হবি-৬২৮)। তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংগঠনটি একাধিক সিদ্ধান্ত নিয়েছে।

 

শনিবার (২০ জুন) ক্লাবের সাত সদস্যবিশিষ্ট কমিটির উদ্যোগে মাদক প্রতিরোধ ও শিক্ষাবান্ধব কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. নূর আলম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
 

সভায় যুবসমাজকে মাদকাসক্তির ঝুঁকি থেকে রক্ষা করে শিক্ষা, নৈতিকতা ও জ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে শিগগিরই এলাকায় ব্যাপক মাদকবিরোধী প্রচারাভিযান, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
 

এছাড়া মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষায় আরও উৎসাহিত করতে এ আয়োজন করা হবে বলে জানানো হয়।
 

সভায় আরও সিদ্ধান্ত হয় যে, প্রতি তিন থেকে চার মাস অন্তর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মেধা বিকাশমূলক কর্মসূচির আয়োজন করা হবে। এসব কর্মসূচির মধ্যে উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা, বিতর্ক, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকবে।
 

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মাধবপুরের ছাত্র ও যুবসমাজকে মাদকমুক্ত রেখে শিক্ষা, নৈতিকতা ও জ্ঞানচর্চার মাধ্যমে একটি সচেতন প্রজন্ম গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে নব দিগন্ত ক্লাব ভবিষ্যতেও সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
 

সংগঠনটির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের মতে, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থী ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি একটি শিক্ষিত, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬