|
প্রিন্টের সময়কালঃ ১৩ জুন ২০২৬ ০৭:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ জুন ২০২৬ ০৩:৫৪ অপরাহ্ণ

ক্রিকেটার নাঈমকে হেনস্তায় লিটন-মিরাজ-শান্ত-মুশফিকদের প্রতিবাদ


ক্রিকেটার নাঈমকে হেনস্তায় লিটন-মিরাজ-শান্ত-মুশফিকদের প্রতিবাদ


চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগ ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার পর একে একে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার।

 

অভিযোগে জানা যায়, ১২ জুন রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় নাঈম হাসানকে থামানো হয়। এ সময় তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে দাবি করা হয়েছে। কথা বলার চেষ্টা করলে তাকে শারীরিকভাবে আঘাত করা হয় এবং পরে থানায় নিয়েও অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হয়েছে।

 

ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে মেহেদী হাসান মিরাজ বলেন, একজন জাতীয় দলের খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ ক্রীড়াঙ্গনের মর্যাদার জন্য উদ্বেগজনক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

লিটন দাস বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। একজন সতীর্থের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তিনি দ্রুত ন্যায়বিচারের প্রত্যাশা করেন।

 

পারভেজ হোসেন ইমন মন্তব্য করেন, একজন জাতীয় দলের ক্রিকেটার দেশের সম্পদ। তার সঙ্গে এমন আচরণ ক্রীড়াঙ্গনের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

 

মোসাদ্দেক হোসেন ঘটনার নিন্দা জানিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন। মুশফিকুর রহিম বলেন, ঘটনাটি তাকে মানসিকভাবে ব্যথিত করেছে এবং তিনি ন্যায়বিচারের আশা করেন।

 

নাসুম আহমেদ বলেন, একজন খেলোয়াড় পরিচয় দেওয়ার পরও এমন আচরণ অত্যন্ত উদ্বেগজনক। তিনি আশা প্রকাশ করেন, বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন হবে।

 

এদিকে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন নাঈম হাসানের সঙ্গে কথা বলে তার পাশে থাকার আশ্বাস দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬