|
প্রিন্টের সময়কালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৮ অপরাহ্ণ

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া গ্যাং’: জাহেদ উর রহমান


আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া গ্যাং’: জাহেদ উর রহমান


অনলাইন ডেস্ক

 

আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া গ্যাং’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
 

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। হামলায় জড়িতদের বিরুদ্ধে ইতালির প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।
 

মঙ্গলবার সচিবালয়ে সরকারের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাহেদ উর রহমান।
 

তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না। ইটস আ মাফিয়া গ্যাং।’ আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাকে এর একটি উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন আরও স্পষ্ট হয়েছে।
 

হামলার সঙ্গে জড়িতদের কয়েকজনের ভিডিও প্রকাশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এর মাধ্যমে তারা আওয়ামী লীগ কী এবং দলটির সঙ্গে কারা জড়িত—তা আবারও সামনে নিয়ে এসেছে।
 

জাহেদ উর রহমান আরও বলেন, আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম দুঃখবোধ থাকলে কিংবা রাজনীতিতে ফিরে আসার সত্যিকারের উদ্দেশ্য থাকলে এ ধরনের সহিংস কর্মকাণ্ড ঘটানো হতো না।
 

অভিনেত্রী বাঁধনের প্রতি সমর্থন জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ইতালিতে হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না বলেও তিনি জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬