দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজাসহ নোহা জব্দ, আটক ২
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো এক্স-নোহা গাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির সময় এ অভিযান চালানো হয়।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মাসুদ আলম পাটোয়ারীসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে। একপর্যায়ে একটি পুরোনো এক্স-নোহা গাড়ি চেকপোস্টের কাছে এলে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতর থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
জব্দ করা গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্টো-চ-৫১-১২২৪।
আটক ব্যক্তিরা হলেন—নীলফামারীর জলঢাকা থানার তিলাই এলাকার তরিকুল ইসলাম রাজন (৩১) এবং সিলেট মহানগরের কোতোয়ালি থানার গাশিটোলা লামাপাড়া এলাকার ফরহাদ হোসেন ওরফে রাহাত (৩০)।
পুলিশের তথ্যমতে, আটক তরিকুল ইসলাম রাজনের বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত সাতটি মামলা রয়েছে।
এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬