|
প্রিন্টের সময়কালঃ ০৮ জুন ২০২৬ ০৩:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জুন ২০২৬ ০১:২২ অপরাহ্ণ

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত স্টাফদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন


মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত স্টাফদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন


সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ করেছে সরকার।

 

প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানায়, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের মূল বেতন জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডের ৮ম ধাপে ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩১ মার্চ ২০২৬ তারিখের একটি পত্রের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে মতামত ও নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

সম্প্রতি (২১ মে) অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি শাখা-১ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাহিদুল করিম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব ও একান্ত সচিবদের মূল বেতন ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হলেও তাদের ক্ষেত্রে কিছু বিশেষ শর্ত প্রযোজ্য হবে।

 

এর মধ্যে অন্যতম হলো, নির্ধারিত মূল বেতনের ওপর কোনো ধরনের বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট প্রযোজ্য হবে না। অর্থাৎ চাকরির মেয়াদকালে তাদের মূল বেতন অপরিবর্তিত থাকবে।

 

তবে বিধি অনুযায়ী প্রাপ্য অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা তারা ভোগ করতে পারবেন।

 

সরকারি চাকরির প্রচলিত বিধান অনুযায়ী বাসাভাড়া, চিকিৎসা ভাতা বা অন্যান্য অনুমোদিত ভাতা প্রযোজ্য হলে, তা তারা পাবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

 

অন্যদিকে, এই পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কোনো ধরনের পেনশন, আনুতোষিক (গ্র্যাচুইটি) কিংবা ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) সুবিধা পাবেন না বলেও স্পষ্ট করা হয়েছে।

 

অর্থ বিভাগ বলেছে, যেহেতু তারা সরকারি চাকরির স্থায়ী কর্মচারী নন এবং বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত, তাই অবসর-পরবর্তী এ সব আর্থিক সুবিধা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

 

নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত এই বেতন কাঠামো কেবল সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্তদের জন্য প্রযোজ্য হবে।

 

অর্থাৎ কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী প্রেষণ, সংযুক্তি বা অন্য কোনো প্রশাসনিক ব্যবস্থায় এ সব পদে দায়িত্ব পালন করলে তাদের ক্ষেত্রে এই বেতন কাঠামো প্রযোজ্য হবে না।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দপ্তরে কর্মরত ব্যক্তিগত স্টাফদের বেতন ও আর্থিক সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরে একটি স্পষ্ট নীতিমালার প্রয়োজন ছিল।

 

নতুন এই নির্দেশনার ফলে বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব ও একান্ত সচিবদের বেতন-ভাতা সংক্রান্ত বিষয়গুলো সুস্পষ্ট হলো এবং ভবিষ্যতে এ ধরনের নিয়োগের ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম আরও সহজ হবে।

 

অর্থ বিভাগের জারি করা এই সিদ্ধান্ত সরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ সহায়ক পদগুলোতে কর্মরত ব্যক্তিদের আর্থিক অবস্থান নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

বিশেষ করে রাজনৈতিক নির্বাহীদের দপ্তরে নিয়োজিত ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন ও সুবিধা বিষয়ে দীর্ঘদিনের অস্পষ্টতা দূর করতে এ নির্দেশনা কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬