ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ: আ.লীগ নেতা নুর আলম গ্রেপ্তার
ঢাকা প্রেস,ফেনী প্রতিনিধি:-
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা নুর আলমকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
নুর আলম দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এনায়েত নগর গ্রামের আজিজুল হক সরকারের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ৪ আগস্ট ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে নির্বিচারে গুলি চালানো হয়। এ সময় আবদুর রব নামের এক ব্যক্তি ভয়ে মহিপাল পাসপোর্ট অফিসের দিকে পালিয়ে যান। কিন্তু সেখানেও তাকে ধরে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হয়।
আহত অবস্থায় মাটিতে পড়ে যাওয়ার পর আবদুর রবকে লাঠিসোঁটা, লোহার রড এবং রাইফেলের বাট দিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আবদুর রব বাদী হয়ে ফেনী মডেল থানায় ১৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
ফেনীস্থ র্যাব-৭ ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানিয়েছেন, নুর আলম এই মামলার ৮৪ নম্বর আসামি। তাকে গ্রেপ্তারের পর বিকেলে দাগনভূঞা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬