মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করে তেল নেওয়ার চেষ্টা, দুই যুবককে জরিমানা
মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে ফুয়েল কার্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে তেল নেওয়ার চেষ্টা করার অভিযোগে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার তুহিন মৌসুমী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ফুয়েল কার্ড ব্যবহার করে তেল নেওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তার কাছে ইউএনও’র স্বাক্ষরটি সন্দেহজনক মনে হলে বিষয়টি যাচাই করা হয়। পরে তদন্তে স্বাক্ষরটি জাল প্রমাণিত হয়।
অভিযুক্তরা হলেন—উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে ফয়সাল আহমেদ এবং মেলান্দহ উপজেলার উত্তর বালুচর গ্রামের আয়েত আলীর ছেলে ওয়াসিম উদ্দিন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২ ধারায় ওয়াসিম উদ্দিনকে ৯ হাজার ৫০০ টাকা এবং একই আইনের ৬৬ ধারায় ফয়সাল আহমেদকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও পরে তারা জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান।
এ বিষয়ে ইউএনও সুমন চৌধুরী জানান, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তার স্বাক্ষর জাল করার বিষয়টি অবহিত করলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ধরনের জালিয়াতি প্রতিরোধে উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬