|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৬ ০৪:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৬ ০১:৩৯ অপরাহ্ণ

এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা


এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা


দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন বা এমপিও’র অর্থ সরাসরি ব্যাংক হিসাবে (ইএফটি) পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনে বিল দাখিল করার জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছে, শিক্ষক-কর্মচারীদের বেতন এখন থেকে সরাসরি তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে পাঠানো হবে। এই প্রক্রিয়াটি নির্বিঘ্ন করতে সব প্রতিষ্ঠান প্রধানকে তাদের নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস (ইএমআইএস) সিস্টেমের ‘এমপিও-ইএফটি’ মডিউলের মাধ্যমে বিল সাবমিট করতে হবে।

আদেশে প্রতিষ্ঠান প্রধানদের জন্য বিশেষ নির্দেশনা—

১. সঠিক তথ্য প্রদান : শিক্ষক-কর্মচারীদের বিধি মোতাবেক প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল জমা দিতে হবে।

২. বেতন কর্তন সংক্রান্ত : কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করলে, পদত্যাগ করলে, সাময়িকভাবে বরখাস্ত হলে বা অনুমোদনহীন অনুপস্থিত থাকলে বিল সাবমিট অপশনে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

৩. আংশিক পেমেন্ট : যারা অবসর বা অন্য কারণে নিয়মিত বেতন পাচ্ছেন না, কিন্তু বকেয়া অনুমোদিত হয়েছে, তাদের ক্ষেত্রে ‘আংশিক পেমেন্ট’ অপশন ব্যবহার করতে হবে। ৪. তথ্যের দায়ভার : প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

ভুল তথ্যের কারণে অতিরিক্ত অর্থ প্রদান বা অন্য কোনো জটিলতা তৈরি হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

মাউশি স্পষ্ট করেছে যে, শুধু ‘আইবাস++’ পদ্ধতিতে যাচাইকৃত এবং সঠিক তথ্য সম্বলিত জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত করা হয়েছে। যাদের তথ্যে এখনো ভুল আছে, তাদের তথ্য যাচাই সাপেক্ষে পরবর্তীতে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬