|
প্রিন্টের সময়কালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৬:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ আগu ২০২৬ ০৭:১৪ অপরাহ্ণ

মুরাদনগরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সম্পাদক নির্বাচিত শরীফ আহম্মেদ


মুরাদনগরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সম্পাদক নির্বাচিত শরীফ আহম্মেদ


এন এ মুরাদ, মুরাদনগর প্রতিনিধি:

 

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা শাখার ২০২৬-২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোনিয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মো. শরীফ আহম্মেদ।
 

সোমবার সকালে মুরাদনগরের নগরপাড় এলাকার মুন মডেল একাডেমি প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
 

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুই প্রার্থী। তারা হলেন সোনিয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মো. শরীফ আহম্মেদ ও ছাত্র বন্ধু লাইব্রেরির স্বত্বাধিকারী মো. আব্দুর রহিম। ভোট গণনা শেষে শাহজাহান-শরীফ-করিম সম্মিলিত ঐক্য পরিষদ প্যানেল মনোনীত প্রার্থী মো. শরীফ আহম্মেদ বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রহিম পরাজিত হন।
 

এর আগে সমিতির সভাপতি ও অন্যান্য পদে সিলেকশনের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হয়।
 

নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ফলাফল ঘোষণা করা হলে অংশগ্রহণকারী প্রার্থীরা তা মেনে নিয়ে নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন।
 

নির্বাচনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক তারিক ওবায়দুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান মিজান, নীতিমালা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আব্দুল হালিমসহ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা শাখার পুস্তক ব্যবসায়ীরা।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬