মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসার মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল ৬টায় কেন্দ্রীয় শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী এবং সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
পরবর্তীতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮টায় মুরাদনগর ডি.আর. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের কর্মসূচি শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ইউএনও এবিএম সারোয়ার রাব্বী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়া দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ এ আয়োজনে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬