নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
আজিজুর রহমান, নোয়াখালীঃ
নোয়াখালীর সেনবাগে পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে তৈরি গোপন বাক্সে লুকিয়ে পাচারকালে ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় সৈয়দ নুর (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক গাড়ি রেখেই পালিয়ে যান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত মো. সৈয়দ নুর কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫ নম্বর হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান নোয়াখালীর দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় বিভিন্ন যানে তল্লাশি চালানো শুরু হয়।
রাত সোয়া ১টার দিকে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি সন্দেহভাজন পিকআপ থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে পিকআপের বডির ভেতরে অত্যন্ত সুকৌশলে তৈরি গোপন বক্সের ভেতর থেকে ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই পিকআপে থাকা যাত্রী সৈয়দ নুরকে গ্রেপ্তার করা হলেও চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক চালককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬