|
প্রিন্টের সময়কালঃ ০২ অক্টোবর ২০২৬ ০২:৩৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ জানুয়ারি ২০২৫ ০৩:৫৭ অপরাহ্ণ

টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা


টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা


ঢাকা প্রেস নিউজ

 

অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিন জানিয়েছেন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখ ভুয়া।
 

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
 

বাণিজ্য উপদেষ্টা বলেন, সমাজে বৈষম্য সৃষ্টি হওয়ায় আন্দোলন হয়েছে, যা নীতি পরিবর্তনের মাধ্যমে দূর করা সম্ভব।
 

কর বিষয়ে তিনি বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় করই গুরুত্বপূর্ণ, তবে এর সঠিক প্রয়োগই সবচেয়ে বেশি জরুরি।
 

তিনি আরও জানান, অর্থনৈতিক মন্দার পরেও গত ডিসেম্বরে ব্যাংকগুলো অনৈতিকভাবে লাভ করেছে, যা খতিয়ে দেখা উচিত।
 

একই সভায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, "আমরা অবাক হয়ে গেছি কীভাবে অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে। কর সংগ্রহের জন্য ক্রমান্বয়ে প্রত্যক্ষ কর প্রদানকারীর কাছে পৌঁছাতে হয়, কিন্তু আমরা দেখছি যে, এমন কোনো পরিকল্পনা নেই। যারা কর দেয় না, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হচ্ছে, তা পরিষ্কার নয়।"
 

তিনি আরও বলেন, "আগামী গরমে জ্বালানি পরিস্থিতি আরও জটিল হতে পারে, এ নিয়ে আমরা আশঙ্কিত।"
 

রেকর্ড পরিমাণ আমন উৎপাদন হলেও সংগ্রহ অভিযানে সাফল্য না পাওয়ার কথা উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "আগের মতো দুর্নীতি এখনও রয়ে গেছে, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। সামাজিক সুরক্ষা ব্যবস্থা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।"
 

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রশ্ন তোলেন, "এই সরকার কী ধরনের অর্থনৈতিক উত্তরাধিকার রেখে যাবে?" তিনি বলেন, "সুষম, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই অর্থনীতি গড়তে যে ধরনের প্রশাসনিক কাঠামো বা সংস্কারের প্রয়োজন, তেমন কোনো রূপরেখা আমরা দেখতে পাচ্ছি না।"


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬