প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর এখনো চূড়ান্ত নয়, গুজব না ছড়ানোর আহ্বান
নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বুধবার (৮ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রথম কোন দেশে সফর করবেন, সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। বিশেষ করে, প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে ভারত সফরের দাবি করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি।
আতিকুর রহমান রুমন বলেন, “এসব তথ্যের কোনো সত্যতা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে।” তিনি এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে জনগণ ও গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানানো হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬