|
প্রিন্টের সময়কালঃ ২১ এপ্রিল ২০২৬ ০৯:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ এপ্রিল ২০২৬ ০৮:১৩ অপরাহ্ণ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা


সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা


নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:
 

 


জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী সাক্ষাৎকার শেষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
 

বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
 

দলীয় সূত্র জানায়, হাইকমান্ডের অনুমোদনের পর সোমবার আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি একই দিনে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)-এ জমা দেওয়ার কথা রয়েছে।
 

বিএনপি সূত্রে আরও জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই শেষে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। নবীন ও প্রবীণ নেতৃত্বের ভারসাম্য রেখে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে দাবি দলটির।
 

এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এতে অংশ নেন দলের চেয়ারম্যান তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। দুই দিনে প্রায় সাড়ে আটশ নারী নেত্রী সাক্ষাৎকারে অংশ নেন বলে জানা গেছে।
 

এদিকে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য গত ১২ দিনে বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের সমর্থনে মোট ৪৩১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইসির তথ্য অনুযায়ী, এর মধ্যে বিএনপির পক্ষ থেকে ৪১৭টি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৩টি এবং বাংলাদেশ খেলাফত মজলিসর পক্ষ থেকে একটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে।
 

সংরক্ষিত আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মো. মনির হোসেন জানান, রোববার বিকেল পর্যন্ত মাত্র তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬