চট্টগ্রাম সমিতি ঢাকার অভিষেকে প্রতিমন্ত্রী মীর হেলাল: চট্টগ্রামের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার
দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
রাজধানীতে অনুষ্ঠিত চট্টগ্রাম সমিতি ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, চট্টগ্রাম অঞ্চলের মানুষের ঐক্য ও সম্প্রীতিই এর সবচেয়ে বড় শক্তি।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম অঞ্চলে বাঙালিসহ ১২টি সম্প্রদায়ের মানুষ বসবাস করে এবং তারা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে জীবনযাপন করছে। প্রাকৃতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য মেলবন্ধন হলো চট্টগ্রাম।
তিনি বলেন, “চট্টগ্রাম শুধু ইতিহাস ও ঐতিহ্যের জন্যই নয়, এর সংস্কৃতি ও সামাজিক বন্ধনের জন্যও বিশেষভাবে পরিচিত। মেজবানসহ বিভিন্ন ঐতিহ্য জাতীয় পর্যায়ে তুলে ধরতে চট্টগ্রাম সমিতি ঢাকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, এটি একটি কাকতালীয় বিষয় যে প্রথমবারের মতো একজন বাঙালি হিসেবে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। চট্টগ্রামের মানুষ তাকে সংসদে পাঠিয়েছে তাদের কথা তুলে ধরার জন্য।
তিনি বলেন, “আমরা সবাই যদি একে অপরের পাশে দাঁড়াই, তাহলে আগামী পাঁচ বছরে চট্টগ্রামকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। চট্টগ্রাম আমার হৃদয়ে আছে। চট্টগ্রাম সমিতিসহ চট্টগ্রামবাসীর উন্নয়নে আমি পাশে আছি, ভবিষ্যতেও থাকব।”
অনুষ্ঠানের প্রথম পর্বে বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক। শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিম উদ্দিন চৌধুরী। পরে নতুন কমিটির কাছে পতাকা ও চাবি হস্তান্তর করা হয়।
দ্বিতীয় পর্বে নবনির্বাচিত কমিটির সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা, হাসপাতাল কমিটির চেয়ারম্যান মো. দিদারুল আনোয়ার, এনজিও ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী।
এছাড়া সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও মোহাম্মদ মনসুর আলী চৌধুরীসহ নবনির্বাচিত কমিটির সদস্য ও জীবন সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬