|
প্রিন্টের সময়কালঃ ০৭ এপ্রিল ২০২৬ ০৮:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ এপ্রিল ২০২৬ ০৪:২৪ অপরাহ্ণ

পয়লা বৈশাখে আসছে পার্থ-সাফার ‘চা গরম’


পয়লা বৈশাখে আসছে পার্থ-সাফার ‘চা গরম’


নির্মাতা শঙ্খ দাশগুপ্ত এবার ক্যামেরার ফ্রেমে এনেছেন চা-বাগানের শ্রমিকদের দৈনন্দিন জীবন, তাঁদের অধিকার এবং জীবনমানের বাস্তবতা। তাঁর নতুন ওয়েব ফিল্ম ‘চা গরম’ শুধু চা-বাগানের সৌন্দর্য নয়, বরং সেখানে বসবাসরত শ্রমিকদের জীবনকাহিনিকে সরাসরি তুলে ধরেছে।

এতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতি, এ কে আজাদ সেতু প্রমুখ। গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন সাইফুল্লাহ রিয়াদ।

শঙ্খ দাশগুপ্ত বলেন, “বাংলাদেশের নাটক ও সিনেমায় চা-বাগানকে সবসময় শুধু ব্যাকড্রপ হিসেবে দেখানো হয়েছে। আমি চাইছিলাম ভেতরের জীবনটাই তুলে ধরতে। শুধু সৌন্দর্য নয়, শ্রমিকদের দৈনন্দিন সংগ্রাম, জীবনের নানা বাস্তবতা ক্যামেরায় এনেছি।”

ওয়েব ফিল্মের জন্য বেশ কিছুদিন চা-বাগানে অবস্থান করেছেন তিনি। সেই সময় তিনি এমন তথ্য জেনেছেন, যা সাধারণ মানুষ খুব কমই জানে। এই সব তথ্যই এবার ‘চা গরম’-এ উঠে এসেছে।

অভিনেত্রী সাফা কবির বলেন, “এই কাজের প্রতি আগ্রহের বড় কারণ পরিচালক শঙ্খ দাশগুপ্ত। তার গল্প সবসময় ভিন্ন, স্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। গল্পটি সমাজের এমন একটি দিক তুলে ধরে, যা আমরা অনেক সময় উপেক্ষা করি। তাই কাজটির অংশ হতে আমি উৎসাহিত হয়েছি।”

অভিনেতা পার্থ শেখ বলেন, “শঙ্খদা আমাকে বলেছিলেন, আমার জন্য একটি চরিত্র আছে। আগে তার সঙ্গে ফিকশনে কাজ হয়নি। চরিত্রটি শুনে মনে হলো, এমন কাজ খুব কম হয়েছে। এটি আমার জন্য ভালো সুযোগ।”

অন্যদিকে সারাহ জাবিন অদিতি বলেন, “গল্পটি শোনার পর ভালো লেগেছে, এটি চা-বাগানের জীবনযাপনের কিছু কঠিন বাস্তবতা খুব সাবলীলভাবে তুলে ধরেছে।”

ওয়েব ফিল্মটি পয়লা বৈশাখে মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে, যেখানে দর্শকরা সরাসরি চা-বাগানের শ্রমিকদের জীবনের গল্পের সাথে সংযুক্ত হতে পারবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬