|
প্রিন্টের সময়কালঃ ০৪ জুন ২০২৬ ০৫:০৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ জুন ২০২৬ ০৩:২১ অপরাহ্ণ

মমতার বক্তব্য আমলে নিচ্ছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


মমতার বক্তব্য আমলে নিচ্ছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় দাবি করেছেন, বাংলাদেশের একটি হত্যা মামলার আসামি ভারতের মেঘালয় দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

অনেকের দাবি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রসঙ্গে তিনি এ কথা বলেছেন।

 

তবে অন্য দেশের কেউ হাদি হত্যা নিয়ে কি বলল তা বাংলাদেশের আমলে নেয়ার বিষয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, ‘হাদি হত্যার বিচার করতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ।’

 

বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একটা নির্বাচন হয়েছে পাশের দেশে। যিনি হেরে গেছেন তিনি বলছেন, ওনাদের সরকারকে উদ্দেশ করে। সেটা নিয়ে এখানে বাংলাদেশের মন্তব্য করা উচিত হবে না বলে আমি মনে করি। এটা আমাদের আলোচনা করার মতো বিষয় নয়। এখন যদি ভারত সরকার বাংলাদেশকে হাদির (ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি) হত্যার ব্যাপারে কিছু বলে অবশ্যই…।

 

তিনি বলেন, অলরেডি এটা নিয়ে কাজ চলছে; স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয খুব সিরিয়াসলি কাজ করছে। হাদি হত্যার বিচার আমরা চাই এবং যারা ধরা পড়েছে ভারতে তাদের ফেরত এনে বিচার বাস্তবায়ন করতে হবে এবং দ্রুত করতে হবে। সে বিষয়ে আমরা সচেষ্ট আছি।

 

এসময় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়া বাংলাদেশের মানুষের জন্য গর্বের বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। তিনি এটিকে বাংলাদেশের গণতন্ত্রের বিজয় বলেও উল্লেখ করেন।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ড. খলিলুর রহমানের এই অর্জনকে বাংলাদেশের মানুষের জন্য গর্বের বিষয় মনে করছে ঢাকা। এটি বাংলাদেশের গণতন্ত্রের বিজয়।

 

তিনি আরও বলেন, ‘শুধু জাতিসংঘ নয়, সারা বিশ্বই বাংলাদেশের উপর আস্থা রেখেছে, এই নির্বাচনই তার প্রমাণ।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬